নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ ।
গ্রেপ্তারকৃত কামরুজ্জামান সোনারগাঁও উপজেলার মুসারচর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। তিনি জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কামরুজ্জামান জামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি দলটির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। পরে ২০১৪ সালে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সঙ্গে যুক্ত হয়ে জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় হন এবং জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তীতে তিনি জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
স্থানীয় সূত্র আরও জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে দীর্ঘদিন ধরে তিনি নিজ এলাকা সোনারগাঁও ছেড়ে রাজধানী ঢাকার ডেমরার শান্তিরবাগ (মসজিদ গলি, সামসুল হক খান স্কুলের পাশে) এলাকার আল আকসা টাওয়ারের অষ্টম তলার একটি ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত কামরুজ্জামানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত দিন