নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর ওই শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে টিসি দেওয়ার অভিযোগ উঠেছিল। তবে প্রশাসনের হস্তক্ষেপের পর সে আবার বিদ্যালয়ে ফিরেছে। রোববার থেকে নিয়মিত ক্লাসও করছে সে।
ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারকে রোববার বিদ্যালয়ে ডেকে নেন কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন প্রধান। এ সময় শিক্ষার্থীকে বিদ্যালয়ে নিয়মিত আসা ও ক্লাস করার জন্য বলা হয়।
শিক্ষার্থীর বাবা শাহীন আলম বলেন, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন প্রধানকে ডেকে তাঁর মেয়েকে স্কুলে পড়ানোর কথা বলেছেন। পরে প্রধান শিক্ষক তাঁর মেয়েকে বিদ্যালয়ে ডেকে নেন। রোববার তাঁর মেয়ে স্কুলে গিয়ে ক্লাস করেছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন প্রধান বলেন, বিষয়টি ইউএনওসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা অবগত হয়েছেন। ওই শিক্ষার্থী রোববার থেকে ক্লাস করছে। তিনি বলেন, ‘এখন আর কোনো সমস্যা নেই। ওই শিক্ষার্থীর প্রতি আমরা খেয়াল রাখব।’
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ওই স্কুলছাত্রী সে স্কুলে ক্লাস করছে।’ নির্যাতনের শিকার শিক্ষার্থীর প্রতি যাতে কোনো অবিচার না হয়, সে বিষয়টি প্রশাসন নজরে রাখবে বলেও জানান তিনি।
আপনার মতামত দিন