সোনারগাঁও নিউজ
১২ নভেম্বর ২০২৬ , ৪:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

রফিকুল হায়দার বাবু :
ব্রিজের নাম কাইকারটেক ব্রিজ। এ ব্রিজের দু’পাশে গজাচ্ছে বটবৃক্ষ। ফাটলের আশংকা, আতংকে মানুষ। যেন দেখার কেউ নেই। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তা হইতে নবীগঞ্জ এর মাঝামাঝি অবস্থিত গুরুত্বপূর্ণ কাইকারটেক ব্রিজটির এ হাল। ব্রিজের দুইপাশে বটগাছ গজানোর ফলে দীর্ঘদিন ধরে অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সংস্কারের অভাবে ব্রিজের গায়ে ও রেলিংয়ের পাশে বড় বড় বটগাছসহ নানা ধরনের আগাছা ও গাছের আস্তরণ পড়ে গেছে। ব্রিজের দু’পাশের শুরুতেই দু’টি বটগাছ ও লতাগুল্ম জন্ম নিয়ে পুরো কাঠামোকে জাঁকিয়ে বসেছে। দীর্ঘদিন ধরে পরিষ্কার বা সংস্কার না করায় গাছগুলোর শেকড় ব্রিজের দেয়াল ও কংক্রিটের ভেতরে প্রবেশ করে ফাটলের আশংকা রয়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও সাধারণ মানুষ যাতায়াত করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন নজরদারি নেই। ব্রিজের এ বেহাল দশা সত্ত্বেও সংশ্নিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই ব্রিজটিসহ এর রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। অথচ দায়িত্বপ্রাপ্ত এই বিভাগের চরম উদাসীনতার কারণে কাইকাটে ব্রিজটির স্থায়িত্ব এখন হুমকির মুখে।











