রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক বাসের ধাক্কায় আরেক বাস উল্টে প্রায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় আফিয়া সিএনজি ফিলিং ষ্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় ও সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পরপরই দুটি গাড়ির চালক ও হেলপাল পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার অতিক্রম করছিল। বাসটি চৌরাস্তার আফিয়া সিএনজি ফিলিং ষ্টেশনের সামনে অতিক্রমকালে পেছন থেকে স্থানীয় মোগড়াপাড়া চিটাগাং রোডে চলাচলরত নাফ পরিবহন নামে মিনি বাসকে ধাক্কা দিলে বাসটি মহাসড়কের ওপরই উল্টে যায়। এসময় নাফ বাসে থাকা প্রায় ১৫ জন নারী-পুরুষসহ সব যাত্রীই আহত হন। তবে এ ঘটনায় কেউ মারা যায় নি। আহতদের স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এসময় আহতদের মধ্যে মনোয়ারা ও সাইমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাফ গাড়ীতে থাকা যাত্রী আহত জাকির হোসেন বলেন, মোগরাপাড়া চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে আফিয়া পাম্পের সামনে আরও একজন যাত্রী নেওয়া জন্য গাড়ী থামায়। এসময় পিছনে থাকা একটি বাস গাড়ী আমাদের গাড়ীকে ধাক্কা দিলে গাড়িটি উল্টে যায়। আমার কয়েক স্থানে কেটে গেছে। উপজেলা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছি।
সেন্টমার্টিন পরিবহনের এক যাত্রী মাজেদ আলী বলেন, আমাদের গাড়ীর চালকও ঘুম ঘুমভাব নিয়ে গাড়ি চালাচ্ছিল। কয়েকবার বলার পর চোখে পানি দিয়ে আবারও গাড়ি চালাতে শুরু করে। তারপর এই দুর্ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি পরিবহনের চালক বলেন, এ সড়কে নাফসহ অধিকাংশ পরিবহন চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। এছাড়া যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রা উঠা নামা করার কারনে কয়েকদিন পর এ পরিবহনগুলো দুর্ঘটনায় পড়ে যাত্রীরা নিহত-আহত হয়। প্রশাসনকে ম্যানেজ করে এ পরিবহনগুলো মহাসড়কে চলছে।
কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুটি গাড়িই রাস্তা থেকে সরিয়ে নিয়ে জব্দ করা হয়েছে। দুটি গাড়ির চালক ও হেলপাল পলাতক রয়েছে। নাফ গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে ।
আপনার মতামত দিন