শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর রতন হত্যাকান্ডের প্রধান আসামি ইয়ানুছ (৪০) কে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। বুধবার সন্ধ্যায় কুড়িগ্রামের পাঁচগাছির আরাজী কদমতলা এলাকা থেকে র্যাব-১১ ও ১৩ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে র্যাব-১১ অধিনায়ক (সিও) লে. কর্নের এইচ এম সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। গত ১৭ জুন সকালে নিহত রতন (৩৮) এর লাশ সাদিপুর ইউনিয়নের ওলামা নগর এলাকা থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি ইয়ানুছ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুগড়াকুল এলাকার মৃত নবুর মিয়ার ছেলে। এর আগে হত্যাকান্ডের পরদিন ১৮ জুন ঘটনার সঙ্গে জড়িত ইসমাইল প্রধান ও ওসমান গণি নামের দুই জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে রতন হত্যাকান্ডে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, তারা আসামিকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন আসামি ও ভিকটিম পূর্ব পরিচিত। মূলত মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে রতন খুন হয়। নিহত রতন ও আসামি ইয়ানুছ দু’জনেই একই এলাকায় মাদক কারবার ও বিভিন্ন বিষয়ে আধিপত্য দেখাতেন৷ দুই বছর আগে নিহত রতন ইউনুছকে জখম করেছিল। তারই জের ধরে রতন খুনের ১৫ দিন আগে উভয়ের মধ্যে আবারও বিরোধ দেখা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আসামি ইয়ানুছ তার সহযোগীদের নিয়ে রতনকে খুনের পরিকল্পনা করে। গত ১৭ জুন ভোরে রতনকে ফোনের মাধ্যমে ডেকে নিয়ে ইয়ানুছসহ আট ব্যাক্তি গলা ও হাত-পায়ের রগ কেটে হত্যা করে মরদেহটি সাদিপুর ইউনিয়নের ওলামানগর বারগাঁও এলাকার খালে ফেলে যায়। ঘটনার পর থেকে ইয়ানুছ আত্মগোপনে থাকে। দালালের মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে কুড়িগ্রামের পাঁচগাছির আরাজী কদমতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ইয়ানুছকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যাকান্ডে জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন র্যাব। গ্রেপ্তারকৃত ইয়ানুছের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আরো একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে বলে জানিয়েছেন এ র্যাব কর্মকর্তা। নিহত রতন সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী সন্তান নিয়ে নওয়া ভিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান সোনারগাঁও নিউজকে বলেন, গ্রেপ্তারকৃত হত্যা মামলার প্রধান আসামী ইয়ানুছকে র্যাব থানায় হস্তান্তর করেছেন। গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত দিন