নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পাচানী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম সিরাজ মিয়া (৫০)। তিনি উপজেলার পাঁচানী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
জানা যায়, উপজেলার সনমান্দী ইউনিয়নের পাচানী গ্রামের মাঠে গতকাল রোববার বিকেলে সবজি তুলছিলেন কৃষক সিরাজ মিয়া। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন জানান, বজ্রপাতে সিরাজ মিয়া নামে এক ব্যক্তি মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত দিন