বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আদমপুর বাজারে সরকারী জমিতে অবৈধভাবে গড়ে তোলা স্থায়ী দোকান ঘর উচ্ছেদ করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বিকেলে আমিনপুর ভূমি কর্মকর্তা রোমানা ইসলামের নেতৃত্বে এ দোকানঘর উচ্ছেদ করা হয়। উচ্ছেদের ফলে স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা। এতে করে নির্বিঘেœ স্থানীয় লোকজনের বাজারে চলাচলের সুযোগ সৃষ্টি হয়েছে।
গত কয়েকদিন ধরে সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গণি আদমপুর বাজারে সরকারী জমি দখল করে এ দোকান ঘর নির্মাণ করেন। মুক্তিযোদ্ধা নাম ভাঙ্গিয়ে “নির্মাণের জন্য নির্ধারিত স্থান পৌর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট” নামে একটি সাইবোর্ড সাঁটিয়ে তিনি এ দোকান নির্মাণ করেন। এ ঘটনায় গত সোমবার সকালে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারক লিপি প্রদান করেন এলাকাবাসী।
এ নিয়ে সোমবার সোনারগাঁও নিউজসহ বিভিন্ন অনলাইন ও মঙ্গলবার বিভিন্ন দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদন স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হয়। পরে মঙ্গলবার বিকেলে গিয়ে ওই দোকান ঘর উচ্ছেদ করেন।
জানা যায়, সোনারগাঁও পৌর এলাকার আদমপুর বাজারে দীর্ঘ ৪০ বছর ধরে প্রতিদিন সকালে শাক সবজি, ফল মূল ও মাছ পাইকারী ও খুচরা বাজার বসে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এ বাজার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র ক্রয় করে থাকেন। মাছ বাজারে প্রবেশ পথে সরকারী জমি দখল রাতে আধারে মুক্তিযোদ্ধা নাম ভাঙিয়ে দোকান নির্মাণ করেন। ফলে বাজারে প্রবেশ পথ সরু হয়ে যায়। ফলে পুরুষ ও মহিলা চলাচলে এক ব্যক্তি ও অন্য ব্যক্তির শরীরে শরীরে ধাক্কাধাক্কি হয়। ফলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। এর আগেও মুক্তিযোদ্ধা ওসমাণ গণি এ বাজারে সরকারী জমি দখল করে তিনটি দোকান নির্মাণ করেছেন। স্থানীয় মুক্তিযোদ্ধা হওয়ার কারণে তার এমন কর্মকান্ডের প্রতিবাদ করেননি। ফলে তিনি দিন দিন বিভিন্ন স্থানে দখল বানিজ্য করে যাচ্ছেন। সরকারী সম্পত্তি দখল করে নিজের পকেট ভারি করছেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। এসব দোকান নির্মাণ করে ভাড়া হিসেবে মোটা অংকের টাকা নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
আদমপুর বাজারের সবজি ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, অসহায় মানুষের কর্মস্থল থেকে অবৈধ দখলদারদের এভাবে উচ্ছেদ করায় স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা। আশা করি কেউ আর অবৈধভাবে জমি দখলের সাহস পাবে না।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল মাহফুজ সোনারগাঁও নিউজকে জানান, অবৈধভাবে গড়ে উঠা দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। সরকারী জমি অবৈধভাবে কাউকে দখল করতে দেওয়া হবে না।
আপনার মতামত দিন