অপরাধ

সোনারগাঁওয়ে মাদক বিক্রির সময় নগদ টাকা, প্রাইভেটকার, মাদকসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁও নিউজ ৬ নভেম্বর ২০২৬ , ১১:৩৮ এএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
​নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকদ্রব্য বিক্রির সময় বিপুল পরিমাণ নগদ টাকা, প্রাইভেটকার ও মাদকসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব গ্রামে অভিযান চালিয়ে সোনারগাঁও থানা পুলিশ তাদের গ্রেফতার করে। ​
  1. গ্রেফতারকৃতরা হলেন ইব্রাহীম (৩৪), মোঃ রাজু (৩৫), ​মোঃ আলম হোসেন (৩৪), ​মোঃ নাসিম (৩৮) ও শহিদুল ইসলাম (৩৮)। তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও বন্দর উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ তাদের কাছ থেকে  ৫ বোতল ম্যাকড্রিল, ২ ক্যান বিদেশি বিয়ার, ১টি প্রাইভেটকার এবং নগদ ৫ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করে। শুক্রবার গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে।
সোনারগাঁও থানার পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টায় উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামে রাস্তার মাদক কেনাবেচা করছে এমন অভিযোগে ৫ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। আসামিদের হেফাজতে থাকা একটি কফি রঙের রেক্সিনের ব্যাগ থেকে নগদ ৫,৬৯,৫০০ টাকা, ৫ বোতল ম্যাকড্রিল, ২ ক্যান ‘ম্যাক্সিমাস এক্স-স্ট্রং’ বিয়ার এবং অপরাধে ব্যবহৃত ২০১৫ মডেলের সাদা রঙের একটি হোন্ডা প্রাইভেটকার জব্দ করা হয়।
​সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারেক জানান,  গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত করতে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।