নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে খাল খননের উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। উপজেলায় জামপুর ও সাদিপুর ইউনিয়নের মরিষটেক, বস্তুল, হাতুরাপাড়া, কলতাপাড়া, উটমা, কোবাগা, সাদিপুর, ওলামাপাড়া, কোনাবাড়ী, হলদাবাড়ী, কাহেনা, বেলাবো, বরত, আমবাগসহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের গুরুত্বপূর্ণ খালগুলো অনাকাঙ্ক্ষিত ভাবে ভরাট হয়ে গেছে। ফলে ওই এলাকার হাজার হাজার বিঘা জমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়েছে। এ সংকট নিরসনে খাল খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শুক্রবার সকালে জামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে খাল খননের জন্য জামপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জামায়েত নেতা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত ছিলেন সোনারগাঁও আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে জামায়েত ইসলামির মনোনীত প্রার্থী ও জামায়েতের কেন্দ্রীয় সুরা সদস্য ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া, জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, ২নং ওয়ার্ডের সদস্য মোঃ বদরুজ্জামান মোল্লাসহ এলাকার গণ্যমান্যরা।
পরিদর্শনকালে ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, সোনারগাঁওয়ে খালগুলো একসময় এলাকার কৃষির প্রাণ ছিল। আজ সেগুলো ভরাট হয়ে শুধু জমির ক্ষতিই করছে না, বরং পরিবেশের ভারসাম্যও নষ্ট করছে। অতি দ্রুত খাল পুনঃখনন না করলে এলাকার কৃষি, পরিবেশ ও মানুষের জীবন জীবিকায় দীর্ঘমেয়াদী বিপর্যয় ঘটবে। আমরা চাই, সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক এবং খাল খনন কার্যক্রম বাস্তবায়নে জনসম্পৃক্ততা নিশ্চিত করা হোক।
আপনার মতামত দিন