নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি গাড়ির ধাক্কায় এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহতের নাম মো. ফারুক (৪১) ।
বৃহস্পতিবার ভোরে মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকা ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত অটোরিক্সা চালক ফারুকের বাড়ি ফেনী জেলায়। তিনি মেঘনা এলাকায় ভাড়া থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ফারুক তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ও বেপরোয়া গাড়ি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ফারুক মারা যান। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ সোনারগাঁও নিউজকে জানান, ঘটনার পর ঘাতক গাড়িটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। তবে গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত দিন