নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রহ উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার গঙ্গা গীতা যুবসংগঠনের উদ্যোগে এ রথযাত্রার আয়োজন করা হয়।
উপজেলার পৌরসভার গোবিন্দপুর মন্দির থেকে রথ টানার মধ্য দিয়ে উল্টো রথ যাত্রার সূচনা হয়। রথটি সোনারগাঁও পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া মন্দিরে গিয়ে শেষ হয়।
রথযাত্রা উপলক্ষে গোবিন্দপুর মন্দির এলাকায় সকাল থেকেই ভক্তদের ভিড় জমে। বিকেলে ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি ও ‘হরিবোল’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নারী-পুরুষসহ হাজারো ভক্ত রথের দড়ি টেনে শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রতি ভক্তি নিবেদন করেন। উল্টো রথযাত্রা দেখতে সড়কের দুই পাশে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে।
রথযাত্রা শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এ অঞ্চলে দীর্ঘদিন ধরে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে একে অপরের ধর্মীয় উৎসবে অংশ নিয়ে আসছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুভাষ বর্মন, শান্ত বর্মন, সাংবাদিক অপু বর্মন, সুব্রত বর্মন, সাগর বর্মন, রনি বর্মন, দিগন্ত বর্মন, দীপ্ত দাসসহ গঙ্গা গীতা যুবসংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্টো রথযাত্রাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন হয়। এর আগে গত ৮ দিন পূর্বে রথ যাত্রা হয়। শুক্রবার উল্টো রথযাত্রা হলো ।
আপনার মতামত দিন