নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে হামলা ও ভাংচুর লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এসময় নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মূল্যবান সামগ্রীসহ ৪৫ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় সন্ত্রাসী আব্দুল জলিলসহ অজ্ঞাত ১২-১৫ জনের বিরুদ্ধে শুক্রবার দুপুরে প্রবাসীর স্ত্রী জাকিয়া বেগম সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের খাসেরগাঁও এলাকার বাসিন্দা আব্দুল জলিলের নেতৃতে গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ১২-১৫জনের একটি দল ওই ইউনিয়নের চর গোয়ালদী কোনাপাড়া এলাকায় মালেয়শিয়া প্রবাসী মহিউদ্দিনের বাড়িতে হামলা করে। তারা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ভাংচুর করে। এসময় আলমারির চাবি ছিনিয়ে নিয়ে আলমারীতে থাকা ১৫ ভরি স্বর্ণ, নগদ ৫ লাখ টাকা, ল্যাপটপ, মোবাইল ফোন ও আইপ্যাডসহ প্রায় ৪৫ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।
ভূক্তভোগী জাকিয়া বেগমের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র রামদা, লোহার রড, চাপাতি ও ছুরি নিয়ে তাদের বাড়িতে হামলা করে। হামলাকারীরা ঘরের আলমারির চাবি জোরপূর্বক নিয়ে নগদ পাঁচ লাখ টাকা, আট ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পরিবারের আরেক সদস্য সাবিয়া বেগমের আলমারিতে থাকা সাত ভরি আট আনা স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এছাড়া একটি ল্যাপটপ, চারটি স্মার্টফোন ও একটি আইপ্যাডসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে।
ভূক্তভোগীদের অভিযোগ, তাদের স্বামী মালয়েশিয়ায় থাকেন। বাড়িতে কোন পুরুষ না থাকার সুযোগে আব্দুল জলিলের নেতৃত্বে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে আসছিলেন। এ টাকা না দেওয়ায় কারনে হামলার ঘটনা ঘটিয়েছে। হামলা ও লুটপাট শেষে চলে যাওয়ার সময় হামলাকারীরা একটি মোবাইল নম্বর লিখে দিয়ে আপসের জন্য যোগাযোগ করতে বলে। একই সঙ্গে মোটা অঙ্কের টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যা ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
অভিযুক্ত আব্দুল জলিলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ক্ষুদে বার্তা দিয়েও সাড়া পাওয়া যায়নি।
সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার বলেন, হামলা ও ভাংচুরের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত দিন