সোনারগাঁও নিউজ
২৮ অক্টোবর ২০২৬ , ১:৩৩ পিএম
প্রিন্ট সংস্করণ
সোনারগাঁওয়ে যুবদলের শোভাযাত্রা ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শোভাযাত্রা বের করা হয়। বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী থেকে শুরু হয়ে পিরোজপুর এলাকায় গিয়ে শেষ হয়। এসময় পিরোজপুর এলাকার শুকতারা ফিলিং স্টেশনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সোনারগাঁও উপজেলা যুবদলের উদ্যোগে এ শোভাযাত্রা বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিব।
সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুর- এ ইয়াসিন নোবেল, রুবেল হোসেন, কাউসার মিয়া, সোহেল রানা, নোবেল মীর, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মিঠু, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক হযরত আলী রানা, আল আমিন, বারদী ইউনিয়ন যুব দলের সদস্য সচিব, দেলোয়ার হোসেন দিলু, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, যুবদল নেতা রাকিব হোসেন প্রমুখ। এসময় উপজেলার বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিব বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠন নিয়ে ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্র এখনও আছে। কিছু শয়তানরা এখনও ষড়যন্ত্র করছে। যুবদলের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র মোকাবিলায় সব সময় প্রস্তত আছে।
তিনি বলেন, সোনারগাঁওয়ের কাপুরুষের দল নাকি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলে ‘আমরা আসছি’। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাতাশ বছর লড়াই করি নাই, আমরা রাজপথে লড়াই করেছি। আমাদের ইতিহাস ঘেঁটে দেখবেন, যতগুলো আন্দোলন-সংগ্রাম হয়েছিল, প্রত্যেকটা রাজপথেই হয়েছিল। আন্দোলন সংগ্রাম রাজপথে মোকাবিলা করা হবে।
তিনি আরো বলেন, কাপুরুষের দল ধানমন্ডি, কাকরাইল, পল্টন গুলশানসহ বিভিন্ন রেস্তোরাঁয় বসে গোপনে মিটিং করলে আর ফেসবুকে স্ট্যাটাস দিলেই আন্দোলন হয় না। আন্দোলন করতে হলে রাজপথে এসে আমাদের সাথে লড়াই, আন্দোলন করতে হবে। আন্দোলন করতে হলে জনগণের সমর্থন লাগে। তাদের কি জনগণের কি সমর্থন আছে?।