নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজি চালিত অটোরিকশাসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
রোববার দিবাগত রাতে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার ‘ইসপাইসি হোটেল’-এর বিপরীত দিক থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো মোঃ পারভেজ (৩৬), প্রান্ত (২৮), মোঃ রোহান (২২), মোঃ ডালিম (৪৮), নাজমুল (২৮) এবং মোঃ অন্তর (২৪)।
পুলিশ জানায়, সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশে একটি দল রোববার রাতে মহাসড়কে অভিযান চালায়। এসময় পুলিশ খবর পায় ৯ থেকে ১০ জনের একটি ডাকাত দল মোগড়াপাড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় সিএনজি নিয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। রাত ১১টা ৫৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় কৌশলে আরও ৩-৪ জন পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃতদের দেহ ও ব্যবহৃত সিএনজি তল্লাশি করে একটি তালা কাটার, ২টি রামদা, ১টি ছুরি, ১টি দা, ৪টি লোহার রড, সেলাই রেঞ্জ ও প্লাস জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির উদ্দেশে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সেখানে জড়ো হওয়ার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
আপনার মতামত দিন