নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে চলমান প্রায় ১৪৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
সোমবার দুপুরে তিনি প্রকল্পের বিভিন্ন কাজ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার গঠনের পর এই প্রথম সোনারগাঁওয়ে এলাম। এখানে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা রয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগ, জাদুঘর, লাইব্রেরিসহ বিভিন্ন উন্নয়নকাজ চলমান আছে। এসব কাজের অগ্রগতি দেখতে এসেছি।
তিনি বলেন, সোনারগাঁও দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক জনপদ। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনও দেশের অন্যতম দর্শনীয় স্থান। আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানোর মাধ্যমে এটিকে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন প্রজন্মের কাছে সোনারগাঁওয়ের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে সরকার কাজ করছে। চলমান প্রকল্প বাস্তবায়িত হলে দেশি-বিদেশি পর্যটকদের জন্য সোনারগাঁ আরও সমৃদ্ধ সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হবে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) দীপংকর ঘোষ, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, প্রকল্প পরিচালক পরিমল চন্দ্র বসু এবং লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রকল্পের কাজ দ্রুত শেষ হলে সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী স্থাপনা ও লোকজ সংস্কৃতি নতুনভাবে উপস্থাপনের সুযোগ তৈরি হবে। এতে পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।
আপনার মতামত দিন