অপরাধ

সোনারগাঁওয়ে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে তিনজন গ্রেপ্তার

সোনারগাঁও নিউজ ১৫ অক্টোবর ২০২৬ , ১০:৪১ এএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে তিনজন গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার মেঘনা নদীর আনন্দবাজার ছনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় একটি ড্রেজার, একটি এঙ্কার বোড, একটি হাউজ বোড, এক হাজার ফুট পাইপ ও ৭ হাজার ৫ শ’ ঘনফুট বালু জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন  গাইবান্ধা জেলার দৈলতপুর থানার চর কালিকাপুর গ্রামের আবদুল মান্নান শেখের ছেলে আব্দুল খালেক, একই জেলার গোবিন্দগঞ্জ থানার ক্রোড়গাছা গ্রামের আফসার আলী মন্ডলের ছেলে আমিরুল ইসলাম ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার তিস্তাপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, উপজেলার মেঘনা নদীতে গত এক সপ্তাহ ধরে বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির নামধারী নেতা মাজহারুল ইসলাম ও তার চাচা রূপচান একটি সিন্ডিকেট করে মেঘনা নদীতে প্রতিদিন রাতের আঁধারে শক্তিশালী ১০-১৫টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে। বিআইডব্লিউটিএর বিজ্ঞপ্তিতে মা ইলিশ সংরক্ষণ ও প্রজননের জন্য সারা দেশের নদীতে ড্রেজিং বন্ধ রাখা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপির নামধারী নেতা মাজহারুল ইসলামের নেতৃত্বে সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। বিষয়টি জানতে পেরে বুধবার সন্ধ্যায় বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ শাহ কামালের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আনন্দবাজার ছনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি ড্রেজার, একটি এঙ্কার বোড, একটি হাউজ বোড, এক হাজার ফুট পাইপ ও ৭হাজার ৫ শ ঘনফুট বালুসহ তিনজনকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত বিএনপির নামধারী নেতা মাজহারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বালু উত্তোলনের অভিযোগ অস্বীকার করেন। বালু উত্তোলনের সঙ্গে তিনি জড়িত না বলে দাবি করেন।

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামাল বলেন, পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে একটি চক্র। বুধবার সন্ধ্যায় নদীতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় ড্রেজার, বোড ও বালু জব্দ করা হয়।

সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, মেঘনা নদীতে বালু উত্তোলনের দায়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।