সোনারগাঁওয়ে মানুষের স্বাস্থ্যসেবায় হাজী আশরাফ উদ্দিনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
সোনারগাঁও নিউজ
১৩ নভেম্বর ২০২৬ , ১১:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
মানবিকতার টানে, মানুষের কল্যাণে এ শ্লোগান নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাধারণ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন এর ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ বিন্নিপাড়া এলাকায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করেন।
‘এসো-এডুকেশন অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশন’-এর সহযোগিতায় দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন ডা. সারিয়া নাফিয়া, ডা. শৈবাল বসাক, ডা. এমিলি ম্যারি বিশ্বাস, ডা. আরাফা জাকির ও ডা. ফারহানা মিম ঋতু।
এ কর্মসূচিতে নারী, পুরুষ, শিশু ও বয়োজ্যেষ্ঠসহ বিভিন্ন বয়সী ও শ্রেণি-পেশার এক হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
আয়োজক সূত্রে জানা যায়, মোগড়াপাড়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন গ্রাম থেকে নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, শ্রমজীবীসহ নানা পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। শুধু মোগড়াপাড়া ইউনিয়ন নয়, আশপাশের ইউনিয়ন থেকেও অনেকে চিকিৎসাসেবা নিতে আসেন। বিশেষ করে কাবিলগঞ্জ ও বিন্নীপাড়া এলাকার মানুষের মধ্যে এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে।
কর্মসূচিতে হাজী মো. আশরাফ উদ্দিন নিজে উপস্থিত থেকে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম তদারকি করেন। সুশৃঙ্খলভাবে রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক ও সহযোগীরা দায়িত্ব পালন করেন। নারী, পুরুষ ও শিশুদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে আলাদা গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি বয়োজ্যেষ্ঠ রোগীদের সেবার বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।
চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন রোগী ও তাঁদের স্বজনরা জানান, বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় তাঁরা উপকৃত হয়েছেন। দলমত-নির্বিশেষে সাধারণ মানুষের জন্য এমন উদ্যোগ প্রশংসনীয়। তাঁরা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আয়োজক মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন বলেন, মানুষের সেবাই হোক আমাদের পথচলার অঙ্গীকার। এ ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। তিনি আরও বলেন, এখানে আসা রোগীদের মাঝে যারা জটিল রোগে আক্রান্ত তাদের সকল প্রকার চিকিৎসা সেবা আমি করবো। মানুষের মুখে হাসি ফোটানোই হোক সকল প্রচেষ্টার সার্থকতা।
তিনি মোগড়াপাড়া ইউনিয়নের মানুষের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া কামনা করেন। ভবিষ্যতে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও এর পরিধি বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও বেশি ভূমিকা রাখতে চান।
তিনি আরও বলেন, ইতোমধ্যে মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন। বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করতে চান। মাদকের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।