নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে গ্যাস চুরির দায়ে এক চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে আঞ্চলিক বিক্রয় বিভাগ সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত ও বিচ্ছিন্ন করতে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সোনারগাঁও পৌরসভার ইছাপাড়া এলাকায় অবস্থিত একটি চুনা কারখানায় অবৈধ গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাটির মালিক মেসার্স প্রান্ত ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আবু বক্কর (২৬) কে আটক করা হয়।
তদন্তে জানা যায়, তিনি অনুমোদনহীন সংযোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে গ্যাস ব্যবহার করে আসছিলেন, যা রাষ্ট্রীয় সম্পদ চুরির শামিল। এ অপরাধে তাকে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১২(১) ধারায় দোষী সাব্যস্ত করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল বলেন, রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরি ও অবৈধ সংযোগের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ গ্যাস ব্যবহারকারীদের শনাক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সংশ্লিষ্ট গ্যাস বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় ওই এলাকার কয়েকটি অবৈধ গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়।
আপনার মতামত দিন