শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও ব্যবসায়ী আব্দুল ওহাব ভূঁইয়া স্বপনকে আওয়ামীলীগের দোষর আখ্যা দিয়ে তার জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৫ জুলাই ) দুপুরে উপজেলার কাঁচপুর এলাকায় বিএনপি নেতার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি অপপ্রচার প্রতিবাদ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা আব্দুল ওহাব ভূঁইয়া স্বপন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল ওয়াহাব ভূঁইয়া স্বপন বলেন, উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজার এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানের পাশের ২৭শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছেন। সম্প্রতি এ জমি বিক্রি করার জন্য জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুন নুর এবং ওই এলাকার বিএনপি নেতা পনির হোসেন মিন্টুসহ কয়েকজন নেতা তাকে চাপ প্রয়োগ করেন। তিনি জমি বিক্রি করতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও নাম স্বর্বস্ব অনলাইন পোর্টালে তাকে আওয়ামীলীগের দোষর বানিয়ে অপপ্রচার চালাচ্ছেন। তার দাবি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আব্দুন নুর এবং বিএনপি নেতা মিন্টুসহ কয়েকজন এ কাজে জড়িত।
তিনি অভিযোগ করেন, ছাত্রলীগ নেতা আব্দুন নূরের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র হত্যার একাধিক মামলা রয়েছে। ওই এলাকার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আঁতাত করে সে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। ওই এলাকার নিরীহ মানুষের জমি দখলের সাইনবোর্ড ঝুঁলিয়ে দখলের চেষ্টা করেন। তিনি বিএনপির পদধারী নেতা হওয়ার পরও আওয়ামী লীগের দোষর হিসেবে আখ্যায়িত করে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছেন।
আব্দুল ওয়াহাব ভূঁইয়ার দাবি, সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতাদের সঙ্গে যে ছবি প্রকাশ করে দোষর বলা হচ্ছে সেটা একটি সামাজিক অনুষ্ঠানের ছবি। তিনি ব্যবসায়ী হওয়ার কারনে সকলের সঙ্গে তার সু-সম্পর্ক ছিল। এ সামাজিক অনুষ্ঠানের ছবি ব্যবহার করে তার বিরুদ্ধে অপ প্রচার করা হচ্ছে।
কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রুমি বলেন, আব্দুল ওহাব ভূঁইয়া স্বপন কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ। তাকে জড়িয়ে যে প্রচার করা হচ্ছে এগুলো হাস্যকর। বিএনপির পরীক্ষিত নেতাকে আওয়ামীলীগ বানিয়ে ফয়দা লুটার চেষ্টা করছে একটি চক্র। তিনি ব্যবসায়ী হওয়ার কারনে সকলের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা আব্দুন নূরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ জমির সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই। স্বপন তার আত্মীয়। বিএনপি নেতা পনির হোসেন মিন্টু ও স্বপনের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। তাকে জড়ানোর বিষয়টি খুবই দুঃখজনক। তাকে পুলিশী হয়রানী করতে তার নাম ব্যবহার করছেন বলে দাবি করেন।
আপনার মতামত দিন