নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন ও ‘বিশ্বনবীর আদর্শই দুনিয়া ও আখিরাতের কল্যাণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
শুক্রবার সকালে উপজেলার পৌর ভবনাথপুর এলাকায় সোনারগাঁও প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সোনারগাঁও থানা দক্ষিণ জামায়াতে ইসলামীর সকল রুকন এবং বিভিন্ন ইউনিটের সভাপতি ও সেক্রেটারিরা ডেলিগেট হিসেবে অংশ নেন।
সোনারগাঁও দক্ষিণ জামায়াতের আমির মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা অঞ্চল টিম সদস্য মমিনুল হক সরকার।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁও উপজেলা জামায়াতের তদারককারী মাওলানা আশরাফুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর মনোনীত সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ড. আসগর আলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনারগাঁও দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার সোহেল রানা।
সম্মেলনের প্রথম সেশনে ইউনিট সভাপতি ও সেক্রেটারিদের প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় একটি আদর্শ ইউনিট গঠন, ইউনিটের দায়িত্ব-কর্তব্য এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক হাতে-কলমে তুলে ধরা হয়। পরে দ্বিতীয় সেশনে পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.) পরিবেশন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা করা হয়।
আলোচনায় পবিত্র কোরআনের সূরা আল-আহযাবের ২১ নম্বর আয়াতের মর্ম তুলে ধরে বলা হয়, “অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ (সা.)-এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ—তাদের জন্য, যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।”
বক্তারা বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর জীবন মানবতার জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, ইনসাফ, সততা, আমানতদারি ও কল্যাণ প্রতিষ্ঠার মাধ্যমে দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি অর্জন করা সম্ভব। তাঁরা সাংগঠনিক দায়িত্বশীলদের নিজেদের চরিত্র গঠন ও মানুষের কল্যাণে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
আপনার মতামত দিন