নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদীতে আজ বুধবার থেকে উপমহাদেশের আধ্যাত্মিক গুরু ও হিন্দু স¤প্রদায়ের মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব শুরু হচ্ছে। এ উপলক্ষে বারদীতে অবস্থিত লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে ৩ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিরোধান উৎসবে অংশ নিতে ইতোমধ্যে দেশ বিদেশ থেকে বিপুলসংখ্যক লোকনাথ ভক্ত বারদী আশ্রমে এসে পৌঁছেছেন। দেশের বিভিন্ন স্থান থেকে আসা লাখো লোকনাথ ভক্তের পদচারণায় মুখর হয়ে উঠবে আশ্রম এলাকা। বুধবার সকালে পূজা অর্চনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে।
তীরোধান উৎসব উপলক্ষে সোনারগাঁও উপজেলা প্রশাসন আশ্রম এলাকায় নিরাপত্তা জোরদার করেছেন। এছাড়াও উৎসব উদযাপন উপলক্ষে আশ্রম কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন। আশ্রমের মন্দির, তীর্থ নিবাসসহ আশ্রম এলাকা সাজানো হয়েছে রঙ বেরঙের বর্ণাঢ্য সাজে। তিরোধান উৎসবকে ঘিরে বারদী এলাকায় বসেছে ৭ দিন ব্যাপী মেলা।
এদিকে এলাকাবাসীর অভিযোগ এ মেলাকে ঘিরে আশ্রম এলাকায় সার্কাসের নামে অশ্লীল নৃত্য ও বিভিন্ন স্থানে জুয়ার আসর বসানোর প্রস্তুতি চলছে। স্থানীয় প্রশাসনএ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ।
এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক বছর ধরে তিরোধান উৎসব উপলক্ষে সরকারিভাবে মেলার ইজারা বন্ধ থাকলেও একটি প্রভাবশালী মহল এ বছর অবৈধভাবে বারদী বাজার খেলার মাঠে দোকানপাট বসিয়ে খাজনা আদায়ের প্রস্তুতি নিচ্ছে। এছাড়া সার্কাস, অশ্লীল নৃত্য ও জুয়ার আশার বসানোরও প্রস্তুতি নিচ্ছে স্থানীয় বিএনপি নেতা আব্দুল হালিম মেম্বার, করিম রহমান, আব্দুল আলী, নাসির মেম্বার ও ইকবাল হোসেনের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গত কয়েকদিন আগে এক মিডিয়া বক্তব্যে বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব হিন্দু ধর্মের রীতি নীতি অনুযায়ী পালনে সব ধরনের ব্যবস্থা নেবে সরকার। তবে অবৈধভাবে সার্কাস, অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসতে দেয়া হবে না। এ বিষয়ে তিনি জেলা প্রশাসনে নির্দেশ দিয়েছে বিষয়টি দেখার জন্য। যাতে শান্তিপূর্ণভাবে উৎসবটি উদযাপন হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন নির্দেশ উপেক্ষা করে জেলা ও উপজেলা প্রশাসনের সামনেই সার্কাসের নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসানোর প্রস্তুতি নিচ্ছে ওই মহল। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তারা একাধিকবার লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শন করলেও এসব বন্ধের কোন উদ্যোগ দেখা যায়নি। বরং একের পর এক আনা হচ্ছে সার্কাস ও অশ্লীল নৃত্যের মালামাল।
তিরোধান উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার্থে মঙ্গলবার বারদী আশ্রম এলাকায় ব্রিফিং ও প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
ব্রিফিং ও প্যারেড অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, এ উৎসবে আশ্রম এলাকায় পুলিশ, র্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬ শতাধিক সদস্য নিরাপত্তায় থাকবেন। এছাড়া সিসি ক্যামেরা রয়েছে, মেঘনা নদীতে নৌ পুলিশসহ সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোন প্রকার অপ্রতিকর ঘটনা ঘটতে দেয়া যাবে না।
হিন্দু ধর্মাবলম্বীদের মতে, লোকনাথ ব্রহ্মচারী ১৭৩০ খ্রিষ্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসাতের দে গঙ্গা থানার কচুয়া (কাঁকড়া) গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা রাম নারায়ণ ঘোষাল ও মা কমলা দেবী। লোকনাথ ছিলেন তাঁর মা-বাবার ছোট ছেলে। তিনি হিমালয়ে গিয়ে ৪০ বছর সাধনা করেন। তিনি আফগানিস্তানের কাবুলে আরবি ভাষা ও কোরআন শাস্ত্র শিক্ষা করে ইসলাম ধর্ম এবং এর দর্শন সম্পর্কে জ্ঞান লাভ করেন। লোকনাথের যখন মাত্র ১০বছর বয়স তখনই তাকে সর্বশাস্ত্র পারদর্শী সন্ন্যাসী ভগবান গাংগুলীর হাতে তুলে দেন বাবা রাম নারায়ণ। মানবতাই মানুষের শ্রেষ্ঠ ধর্ম এ বাক্য অন্তরে লালন করে মানবজাতির কল্যাণে কাজ করে দীর্ঘ ২৬ বছর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদী এলাকায় অবস্থান করেন মহাসাধক লোকনাথ ব্রহ্মচারী। ১৬০ বৎসর বয়সে ১৯ জৈষ্ঠ্য তারিখে বারদী আশ্রমে এ সাধকের মহাপ্রয়াণ ঘটে। এরপর থেকেই প্রতিবছর ১৯ জৈষ্ঠ্য লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালন করে আসছে আশ্রম কর্তৃপক্ষ।
অভিযুক্ত সোনারগাঁও উপজেলা বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান জানান, এবারের উৎসবে মেলার ইজারা নিয়েছি। আপনাকে সার্কাস দেখার আমন্ত্রন রইলো। সেখানে অশ্লীল কিছু হলে তখন প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেবেন। অশ্লীলতা কিংবা অবৈধ ব্যবসার কোনো সুযোগ নেই।
সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার বলেন, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে আসা ভক্তদের নিরাপত্তায় পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। আশ্রম এলাকায় পুলিশ, র্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬ শতাধিক সদস্য নিরাপত্তায় থাকবেন। এছাড়াও বারদী এলাকায় সিসি টিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি চুরি, ছিনতাই নিয়ন্ত্রনে রাখার চেষ্টায় থাকবে। তিনি আরও বলেন, এ উৎসবে অবৈধভাবে কিছু করতে দেয়া হবে না। কোন অভিযোগ পেলে পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে।
বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শংকর কুমার দে বলেন, তীরোধান উৎসব উপলক্ষে আশ্রমের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে ভক্তরা এসে আশ্রমের নিজস্ব হোস্টেল ও পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। আজ বুধবার সকালে পূজা অর্চনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। উৎসবে পূজা, অর্চনা, ঊষাকীর্তন, বাল্যভোগ, রাজভোগ বিতরণ, গীতা পাঠ, প্রসাদ বিতরণ, লোকনাথ ব্রহ্মচারীর জীবন নিয়ে আলোচনা, সন্ধ্যা কীর্তনসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি গ্রহন করা হয়েছে।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, লোকনাথ ভক্তদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। জুয়ার আসর, সার্কাসের নামে অশ্লীল নৃত্যের আসর তৈরির কাজ চলছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধভাবে কোন কিছু করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত দিন