শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি মো. অয়ন (২২) কে গ্রেফতার করেছে র্যাব -১১ এর সদস্যরা। মঙ্গলবার মুন্সিগঞ্জের গজারিয়া বাসস্ট্যান্ড হতে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে র্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত অয়ন সোনারগাঁও উপজেলার পিরোজপুর এলাকার মো: হালিমের ছেলে। গ্রেফতারকৃতকে গতকাল বুধবার সোনারগাঁও থানায় হস্তান্তর করে র্যাব সদস্যরা । পরে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে পুলিশ।
মামলার এজাহারের বরাতে র্যাব জানায়, ভুক্তভোগী নারীর ননদ নুরজাহান বেগম শারীরিকভাবে অসুস্থ হলে তাকে বন্দরের মদনপুরে দি বারাকাহ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অসুস্থ ননদকে দেখতে ভুক্তভোগী তার দেবর কামাল হোসেনকে সাথে নিয়ে ওই হাসপাতালে যান। ননদকে দেখে হাসপাতাল থেকে ফেরার পথে সোনারগাঁওয়ে চিলারবাগ গ্রামের সড়কের ফাঁকা স্থানে পৌঁছালে সজীব, হাসান, অয়নসহ ৮ জন লোক তাদের সিএনজির পথ গতিরোধ করে। পরে ধর্ষণের অভিযুক্তরা ভুক্তভোগী ও তার দেবর কামাল হোসেনকে টেনে- হেঁচড়ে সিএনজি থেকে নামিয়ে ওই রাতে দৈলেরবাগ বড়বাড়ি গ্রামের মৃত লাল মিয়ার পরিত্যক্ত টিনসেড ঘরের ভিতরে নিয়ে যান। এক পর্যায়ে আসামি সজীব, হাসান, অয়নসহ উভয়ে মিলে কামাল হোসেনকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে তার সঙ্গে থাকা নগদ ১৫ হাজার টাকা এবং ভুক্তভোগীর দুই কানে থাকা ৩ আনা ওজনের ১ জোড়া স্বর্নের কানের দুল ছিনিয়ে নিয়া যায়। সেদিন আসামিরা এক পর্যায়ে ভুক্তভোগীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক সংঘবদ্ধভাবে ধর্ষণ করে থাকে। পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সংঘবদ্ধ ধর্ষণ সংক্রান্ত মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্যে সোনারগাঁও থানায় হস্তান্তর করে র্যাব-১১ সদস্যরা।
সোনারগাঁও থানার ওসি মো. আব্দুল বারী জানান, সোনারগাঁয়ে গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে নারায়নগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত দিন