নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে মহাসড়কের সোনাখালী আবাদী সিএনজি ফিলিং স্টেশনএর সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালকের নাম জাহিদ হাসান শাওন মৃধা (৪৪)। তিনি লক্ষীপুর জেলার সদর থানার বিজয়নগর গ্রামের মো: জাহাঙ্গীর আলমের ছেলে। দুর্ঘটনার পরপরই ঘাতক বাস ও এর চালক হেলপার পালিয়ে যায়।
কাচপুর হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের সোনাখালী এলাকার আবাদী সিএনজি ফিলিং স্টেশনএর সামনে দিয়ে জাহিদ হাসান শাওন মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিল। এসময় অজ্ঞাতনামা একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দূর্ঘটনা কবলিত হয়ে মোটরসাইকেল চালক জাহিদ হাসান শাওন মৃধা মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ সোনারগাঁও নিউজকে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে সনাক্ত কিংবা বাসের চালক বা হেলপার কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তারা পালিয়ে যায়। বিষয়টি আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত দিন