বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে পক্ষকাল ব্যাপী শুরু হচ্ছে বৈশাখী মেলা ও সুবর্ণজয়ন্তী উৎসব। এ উপলক্ষে ফাউন্ডেশন কর্তৃপক্ষ সকল প্রকার প্রস্তুতি শেষ করেছেন।
বৈশাখী মেলা ও সুবর্ণজয়ন্তী উৎসব ফাউন্ডেশনের সোনারতরী লোকজ মঞ্চে কাল সোমবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি হওয়ায় এ বছর সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপিত হবে। ১৯৭৫ সালের ১২ মার্চ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ইলিয়া সুমনা।
ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সদস্য ও জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
মেলায় দেশ সেরা কারুশিল্পীদের হাতের তৈরি জামদানি, শতরঞ্জি, নকশি কাঁথা, মৃৎশিল্প,দারুশিল্প, হাতপাখা, কাঠ খোদাই শিল্প, পটচিত্র শিল্প, শোলা শিল্প, বাঁশ ও বেতশিল্প ও ক্ষুদ্র নৃ- গোষ্ঠির কারুশিল্পীদের সৃষ্টিশীল কর্মের উপস্থাপন ও বিপননের সুযোগ থাকছে। এছাড়াও মেলায় মঞ্চে প্রতিদিন বাউল গান, লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুল নাচ, হালখাতা, বায়োস্কোপ,সাপের খেলা, নাগদোলাসহ গ্রামীণ বিনোদনের ব্যবস্থা থাকছে। মেলা ১৪ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ২৮এপ্রিল শেষ হবে।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম সোনারগাঁও নিউজকে জানান, বৈশাখী মেলা ও সুবর্ণজয়ন্তী উসবের সকল প্রকার প্রস্তুতি শেষ হয়েছে। আনন্দ শোভা যাত্রার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। কৈশোরের রোমাঞ্চকর মূহুর্তগুলোকে পুনরায় আলিঙ্গন করতে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা তিন গুটি, সাত গুটি বাঘবন্দ, কানামাছি, গোল্লাছুট, বউচি, কপাল টোক্কাসহ বিভিন্ন খেলা উপস্থাপন করা হবে।
আপনার মতামত দিন