শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষায় কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০২৫ সালের প্রশ্নে ১৭৭ জন নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা গ্রহনের অভিযোগে কেন্দ্র সচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক চিঠিতে সুপারিশ করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালকের কাছে এ সুপারিশ করেন।
দায়িত্ব অবহেলার কারনে কক্ষ প্রত্যবেক্ষক হিসেবে নিয়োজিত ১১ শিক্ষককে এসএসসি পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়াও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত আরো একটি চিঠিতে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানিয়েছেন।
অপরদিকে এক অফিস আদেশে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত অভিযুক্ত কেন্দ্র সচিব মো.আবদুল মতিন সরকারের স্থলাবিষক্ত করেন পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমকে।
কক্ষ প্রত্যবেক্ষক থেকে অব্যহতি প্রাপ্ত শিক্ষকরা হলেন, কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিউলি আক্তার, সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের ফারজানা হোসেন স্বপ্না, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের মনোয়ারা বেগম, রওনক আরা বেগম, আনিছুর রহমান, সোনারগাঁও আইডিয়াল স্কুলের সুমাইয়া আজাদ, সায়েদা খাতুন ইসলামীক দাখিল মাদ্রাসার মোশারফ হোসেন, আকবর আলী হাই স্কুল এন্ড কলেজের বদরুন নাহার ইভা, সাদিপুর উচ্চ বিদ্যালয়ের মনিরুজ্জামান, মেঘনা শিল্প নগরী উচ্চ বিদ্যালয়ের ছানোয়ারা বেগম ও জামপুর মাঝের চর উচ্চ বিদ্যালয়ের আব্দুল হামিদ।
জানা যায়, সোনারগাঁওয়ের কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অংশ নেয় সিনহা উচ্চ বিদ্যালয়, দবরউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ও নাসিম মেমোরিয়াল ল্যাবরোটরি স্কুলের ৭৬০জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১৭৭জন শিক্ষার্থীকে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। এ প্রশ্নেই নিয়মিত শিক্ষার্থীরা এক ঘন্টা ২৫ মিনিট পরীক্ষা দেয়। পরবর্তীতে পুরাতন প্রশ্নে পরীক্ষা দেওয়ার বিষয়টি শিক্ষার্থীদের নজরে আসে। বিষয়টি কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের অবগত করা হলে তাৎক্ষনিকভাবে ইউএনওকে জানিয়ে সঠিক প্রশ্নে সময় বৃদ্ধি করে পরীক্ষা গ্রহন করে। বিষয়টি জানাজানি হলে ওই কেন্দ্রে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তুলকলাম সৃুষ্টি হয়। এক পর্যায়ে কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ করে অভিভাবক ও শিক্ষার্থীরা। পরে ওই দিন বিকেলে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক চিঠিতে কেন্দ্র সচিবকে অব্যাহতি দেন।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, দায়িত্ব অবহেলার কারনে কেন্দ্র সচিবকে অব্যাহতির পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয়। এছাড়াও ১১ শিক্ষককে এসএসসি পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।
আপনার মতামত দিন