শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর পুরান বাজার মধ্যপাড়া এলাকায় একটি বাসায় গ্যাস সিলেল্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ গৃহকর্তা মানব চৌধুরী (৪০) মারা গেছেন।
রোববার দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পর তার মৃত্যু হয়।
নিহত মানব চৌধুরী কাঁচপুর এলাকার একটি কারখানায় চাকরি করতেন। তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার বলরামপুর গ্রামের মৃত মহিতোষ চৌধুরীর ছেলে। বর্তমানে পরিবার নিয়ে সোনারগাঁওয়ের কাঁচপুর মধ্যপাড়া গ্রামের শেখ ফরিদ মিয়ার তিন তলা ভবনের নিচ তলায় ভাড়া থাকতেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দুপুরে মানব চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৭০শতাংশ দগ্ধ হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী বাচা চৌধুরী ৪৫ শতাংশ, তাদের তিন মেয়ে তিন্নি ২২ শতাংশ, মুন্নি ২৮শতাংশ ও মৌরি ৩৬ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, উপজেলার কাঁচপুর বিসিক শিল্প নগরীর পুরান বাজার মধ্যপাড়া শেখ ফরিদের তিন তলা বাড়ির নিচ তলায় এক মাস আগে ভাড়া আসেন মানব চৌধুরী ও তার পরিবার। গত বৃহস্পতিবার ভোর পৌনে ৬ টার দিকে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফরিত হয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন সোনারগাঁও নিউজকে বলেন, দগ্ধদের মধ্যে মানব চৌধুরী মারা গেছে বলে হাসপাতাল থেকে বার্তা দিয়েছেন। গ্যাস সিলেন্ডার বিষ্ফোরনের ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি।
আপনার মতামত দিন