নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মহাসড়কের পাশে সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকানসহ পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালান সোনারগাঁ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার।
সোনারগাঁও উপজেলা প্রশাসন ও সওজের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সওজের উপ বিভাগীয় প্রকৌশলী আলরাজীসহ উপজেলা প্রশাসন ও সোনারগাঁও থানা পুলিশের বিপুল পরিমাণ সদস্য উপস্থিত ছিলেন।
সোনারগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছেন। একদিকে অবৈধ স্থাপনার ফলে ফুটপাতের পথচারীদের যাতায়তের সমস্যা সৃষ্টি হয়। এছাড়াও সরকারের জমি পুঁজি করে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এসব অবৈধ স্থাপনার কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের সার্ভিস লেনে ও ফিডার রোডে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসব বিষয় বিবেচনা করে উপজেলা প্রশাসন ও সওজের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মহাসড়কের পাশে সওজের জায়গায় গড়ে ওঠা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ উচ্ছেদের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত দিন