শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। শনিবার ভোরে উপজেলার কাঁচপুর চেঙ্গাইন এলাকায় অভিযান চালিয়ে র্যাব ১১ এর সদস্যরা মাদক সহ তাদের গ্রেফতার করে।
শনিবার দুপুরে র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃত হলেন ফরিদপুরের বোয়ালমারী থানার ভন্ডবাসা এলাকার মৃত ওয়াদুদ মোল্লার ছেলে সুজন মোল্লা (২১) ও নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বাইশটেকি এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে জাবেদ (৩৫)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে সোনারগাঁওয়ে চেঙ্গাইন এলাকায় অভিযান পরিচালনা করেন র্যাবের সদস্যরা। এসময় ১ হাজার ২৩ বোতল ফেনসিডিল ও স্কাফ, ২৬ কেজি গাঁজা এবং এক বোতল বিদেশি মদসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব সদস্যরা জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।
আপনার মতামত দিন