শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২৮ মামলার আসামী এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ একটি দল। গ্রেপ্তারকৃতের নাম মাহবুবুর রহমান রক্সি ওরফে কাইল্লা রক্সিকে (৩৫)। শুক্রবার রাতে বন্দর উপজেলার কেওঢালা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে র্যাব-১১ এর লে: কমান্ডার ও কোম্পানি কমান্ডার নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত সন্ত্রাসী রক্সি সোনারগাঁওয়ের মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে।
র্যাব সূত্রে জানা যায় , রক্সি দীর্ঘদিন যাবত সোনারগাঁও ও পার্শ্ববর্তী এলাকায় তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন। সোনারগাঁও উপজেলাব্যাপী অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। এ সন্ত্রাসী তার সংঘবদ্ধ গ্রুপ দ্বারা অসংখ্য সাধারণ মানুষের জমি দখল,স্থানীয় ব্যবসায়ী ও শিল্পকারখানা থেকে চাঁদাবাজি, মানুষকে অপহরণ করে মুক্তিপণ, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে সর্বস্ব লুট করে নেন। এছাড়া তিনি টেকনাফ সীমান্ত হতে ইয়াবা ও ফেনসিডিল এনে তা নারায়ণগঞ্জ ও ঢাকা এলাকায় সরবরাহ করতেন। এই আসামির বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাকে আইনের আওতায় এনে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে র্যাব-১১ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সোনারগাঁও থানার ওসি মো. মহিববুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত সন্ত্রাসী রক্সিকে র্যাব থানায় হস্তান্তর করে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত দিন