নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের ছোট ভাই সানজিদ হাসনাতকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার বিকেলে সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকার নিজ বাড়ি রেইন ফরেস্ট ইকো রিসোর্ট থেকে তাকে আটক করা হয়। তাকে সন্ধ্যায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাজ্জাদ জানান, তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এদিকে সানজিদ হাসনাতের পরিবার সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় কোন মামলা নেই।
সোনারগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর সানজিদ হাসনাতকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়। কী অভিযোগে বা কোন মামলার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে, তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সানজিদ হাসনাতকে সোনারগাঁও থানার সন্ত্রাস বিরোধী আইনের রুজুকৃত মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে সানজিদ হাসনাতের গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সোনারগাঁও আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা।
আপনার মতামত দিন