নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে দেশের তৃণমূল পর্যায়ের কারুশিল্পীদের সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহের লক্ষ্যে ‘কারুশিল্পী জরিপ ২০২৬’-এর তথ্য সংগ্রহকারীদের নিয়ে এক বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী ফাউন্ডেশনের সভাকক্ষে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সদস্য এবং বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম।
কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী কারুশিল্প সংরক্ষণ এবং এর সঠিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে ‘কারুশিল্পী জরিপ ২০২৬’ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ডিজিটাল ও পদ্ধতিগত উপায়ে কারুশিল্পীদের তথ্য সংগ্রহের মাধ্যমে দেশের কারুশিল্প খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও প্রয়োজনীয়তা সম্পর্কে একটি সুস্পষ্ট চিত্র পাওয়া যাবে।
তারা আরও বলেন, এ জরিপের সফল বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের দক্ষতা, আন্তরিকতা ও নির্ভুল তথ্য সংগ্রহ দেশের কারুশিল্প খাতের উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই জরিপের মাধ্যমে বাংলাদেশের কারুশিল্পকে আরও সমৃদ্ধ ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
আপনার মতামত দিন