শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্যসহ পুলিশের এক সোর্স। ধারালো অস্ত্রের আঘাতে চারজনই আহত হয়েছেন। অভিযানে অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ জুলাই ) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মনারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। সাদা পোাষাকে অভিযান চালিয়ে এ হামলার শিকার হন তারা। সাদা পোষাকে অভিযান পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকলেও মাঠ পর্যায়ে পুলিশ তা মানছেন না বলে অভিযোগ উঠেছে। পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় সোনারগাঁও থানায় মামলা প্রক্রিয়াধীন।
আহতরা হলেন সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান মিয়া, কনস্টেবল শাহিন আলম, কনস্টেবল মাইনুল ইসলাম ও পুলিশ সোর্স মাসুম মিয়া। আহত পুলিশ সদস্যরা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত পুলিশ সোর্স মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত এসআই মো. সুরুজ্জামান মিয়া সোনারগাঁও নিউজকে জানান, বৈদ্যেরবাজার ইউনিয়নের মনারবাগ এলাকার মাসুম মিয়ার ছেলে ও ডাকাত দলের সদস্য সাগর মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত আসামী। সাগরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তিনি দুই কনস্টেবল শাহিন আলম ও মাইনুল ইসলামকে সঙ্গে নিয়ে তার বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় সাগর ও তার ভাই সজল ধারালো দা দিয়ে অতর্কিত হামলা চালিয়ে তিন পুলিশ সদস্য ও সোর্স মাসুম মিয়াকে কুপিয়ে আহত করেন। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এসময় সাগর ও তার ভাই সজলকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, পুলিশ সদস্যরা পুলিশের পোষাক ছাড়া অভিযান করার কারনে এমন ঘটনা ঘটেছে। তবে যারা অভিযানে এসেছেন তাদের কোনভাবেই পুলিশ মনে হয়নি। ফলে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে। পুলিশের পোষাক ছাড়া অভিযান করলে স্থানীয়দের মাঝে আতকং ছড়িয়ে পড়ে। ভুল বোঝাবুঝি থেকে হামলার ঘটনা ঘটে।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব বলেন, হাসপাতালে তিনজন পুলিশ সদস্য চিকিৎসা নিতে এসেছেন। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়েছে। আহতদের ধারালো অস্ত্রের আঘাতজনিত ক্ষত থাকায় টেন্ডন রিপেয়ার (রগ জোড়া লাগানো) লাগবে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ গোলাম সারোয়ার সোনারগাঁও নিউজকে বলেন, মোটরসাইকেল ছিনতাইয়ের মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাই সাগর ও সজলকে গ্রেপ্তার করা হয়েছে। একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তারা নিয়মিত ডাকাতি ও ছিনতাইয়ের জড়িত। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
আপনার মতামত দিন