রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান পুত্র খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে। বহিষ্কারের প্রায় তিন মাস পর তাকে আবারও এ পদে বহাল করা হয়।
রোববার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত বার্তা প্রেরণে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদকের এই নির্দেশনার কথা নিশ্চিত করা হয়।
প্রত্যাহারের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে খায়রুল ইসলাম সজীবকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আজকের দিনে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পূর্বের পদে পুনর্বহাল করা হয়।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
উল্লেখ্য, এর আগে গত ২১ জুন খায়রুল ইসলাম সজীবকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। ওই সময় কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে ‘নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ’ বহিষ্কারের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল। একই দিন বিভিন্ন অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সজীবকে গোয়েন্দা পুলিশ হেফাজতে নেয়। পরে তাকে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয় এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। সজীবকে হেফাজতে নেওয়ার পর ওই দিন রাতেই কেন্দ্রীয় যুবদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়। তখন কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছিল, বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না এবং দলের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
আপনার মতামত দিন