রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বোমা সন্দেহে তালাবদ্ধ একটি ব্যাগ পড়ে থাকাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার সন্ধ্যা থেকে মধ্যেরাত রাত পর্যন্ত এ আতংক সৃষ্টি হয়। উপজেলার কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ইউনাইটেড ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ, গোয়েন্দা পুলিশ, র্যাব এবং পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আড়াই ঘণ্টার অভিযানের পর ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে কোনো বিস্ফোরক নয়; ছিল ছেঁড়া পুরনো কাপড়। এছাড়া একটি পার্স, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও একটি ডাইভিং লাইসেন্স পাওয়া যায়।
পুলিশ জানিয়েছেন, ব্যাগটি সেখানে ভুলবশত কেউ রেখে গেছে, নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে আতঙ্ক সৃষ্টি করতে রাখা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যা ৭ টার দিকে সোনারগাঁয়ে কাঁচপুরের নয়াবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ইউনাইটেড ফিলিং স্টেশনের ভেতরে একটি কালো রঙের তালাবদ্ধ ব্যাগ রেখে যায় এক নারী। ব্যাগটি দীর্ঘক্ষণ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন উপস্থিত পথচারী ও পাম্প কর্মচারীরা। এসময় স্থানীয়দের মধ্যে সন্দেহ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পুরো এলাকা ঘিরে রাখে। তারা নিরাপত্তার স্বার্থে পাম্পটির আশপাশের দোকানপাট বন্ধ করে দেয় এবং উৎসুক জনতাকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়ে পুরো এলাকা কর্ডন (ঘিরে) করে রাখে। এছাড়া নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলও বন্ধ রাখা হয়। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। রাত দুইটার দিকে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিশেষ পদ্ধতিতে ব্যাগটি পরীক্ষা শুরু করে। দিবাগত রাত সোয়া দুইটার দিকে ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক নেই। ছিল ছেঁড়া পুরনো কাপড়। এরপরই স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, ব্যাগের ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। তবে ব্যাগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কল্যাণপুর মধুপুর এলাকার বাসিন্দা মোছা. রেখা বেগমের জাতীয় পরিচয়পত্র, তাঁর স্বামী মো. মোশারফ সরকারের নামে একটি পেশাদার ডাইভিং লাইসেন্স, একটি পার্স ও ছেঁড়া কাপড়চোপড় পাওয়া গেছে। কী উদ্দেশ্যে ব্যাগটি এখানে ফেলে যাওয়া হয়, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে।
আপনার মতামত দিন