সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার সাত সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্দেশনার আলোকে গঠিত এ কমিটির সভাপতি করা হয়েছে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতকে। সদস্য সচিব করা হয়েছে খাইরুল ইসলাম সজিবকে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ২৫(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ কমিটি গঠন করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়,সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতকে সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজীবকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়াবিদ আল মাহমুদ সানি।
অফিস আদেশে আরও বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদের ১০ মার্চ ২০২৬ সালের নির্দেশনার পরিপ্রেক্ষিতে উপজেলা পর্যায়ে ক্রীড়া কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, কার্যক্রম সমন্বয় এবং নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে এ এডহক কমিটি গঠন করা হয়েছে।
আপনার মতামত দিন