সোনারগাঁও নিউজ
২ নভেম্বর ২০২৬ , ৫:০৫ পিএম
প্রিন্ট সংস্করণ
বিস্কুটের প্যাকেটের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে গাঁজা পাচারের সময় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক নারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। এ সময় তাঁর সঙ্গে থাকা লেক্সাস বিস্কুটের প্যাকেট তল্লাশি করে ৪ দশমিক ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মোছা. আকলিমা (২২) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কাশীরামপুর এলাকার রাজেশ সিকদারের স্ত্রী।
এসআরবি-১১-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় তিশা পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা আকলিমাকে সন্দেহ হলে আটক করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ ও সঙ্গে থাকা বিস্কুটের প্যাকেট তল্লাশি করে ভেতরে লুকানো ৪ দশমিক ২ কেজি গাঁজা পাওয়া যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকলিমা একটি সংঘবদ্ধ মাদক পাচার চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের জেলায় বহন, সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে দাবি করেছে এসআরবি।
গ্রেপ্তারকৃত আকলিমার বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।











