সোনারগাঁও নিউজ
৬ অক্টোবর ২০২৪ , ১:৫৬ পিএম
প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক কলেজ ছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বখাটেরা। রোববার দুপুরে কলেজ থেকে ফেরার পথে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকা তাকে কুপিয়ে জখম করে। সিয়াম নামের আহত ওই ছাত্রকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত ওই ছাত্রের বাবা মো. বদুন বাদি হয়ে রোববার সন্ধ্যায় সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।
জানা যায়, সোনারগাঁও পৌরসভার সাহাপুর গ্রামের মো. বদুন মিয়ার ছেলে সোনারগাঁও সরকারী কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র মো. সিয়ামের সাথে পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের নবী আলীর ছেলে মো. জাফরের সম্প্রতি তুচ্ছ ঘটনায় কথাকাটাকাটি হয়। ওই কাথা কাটাকাটির জের ধরে রোববার দুপুরে কলেজ থেকে ফেরার পথে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মা জেনারেল হাসপাতালের সামনে আগে থেকে ওৎ পেতে থাকা বখাটে জাফরের নেতৃত্বে রিফাতসহ ৫-৭জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা করে। এসময় তাকে হামলাকারীরা এলোপাথারীভাবে মারধর করে। এসময় তাদের কেচি দিয়ে পিঠে ও হাতে কুপিয়ে জখম করে। আহত ওই ছাত্রের ডাক চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত ছাত্রের বাবা মো. বদুন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনেক দিন আগে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। ওই সময় তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। রোববার কলেজ থেকে ফেরার পথে তাকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন।
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। তাদের মোবাইল বন্ধ করে আত্মগোপনে চলে যায়।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, কলেজ ছাত্রকে আহত করার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।











