নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক কুয়েত প্রবাসীকে বহনকারী গাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদল সিরাজুল ইসলাম নামের ওই কুয়েত প্রবাসীর পাসপোর্টসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
বুধবার ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। ওই প্রবাসীর কাছে স্বর্ণ, নগদ টাকা, ৩টি মোবাইল ফোন তার পাসপোর্ট ছিল।
এ ঘটনায় প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী শাহিনুর বেগম বাদি হয়ে বুধবার বিকেলে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।
জানা যায়, নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর গ্রামের ছেলে সিরাজুল ইসলাম বুধবার ভোরে ৩ বছর পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাস নিয়ে তার ছেলে, ভগ্নিপতি ও স্ত্রীকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথে সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকার সাধু পেপার মিলের সামনে ভোর ৪ টার দিকে তাদের গাড়িটি পৌঁছলে ৭ জনের একটি ডাকাত দল তাদের বহনকারী মাইক্রোবাসটি গতিরোধ রোধ করে।
এক পর্যায়ে ডাকাতরা দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাদের মারধর করে নগদ ১২০ দিনার, ২৪ হাজার টাকা, ১ ভরি স্বর্ণ, ৩ টি পাসপোর্ট, ৩ টি মোবাইল সেটসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
কুয়েত প্রবাসী সিরাজুল ইসলাম জানান, দেশে ফিরে ডাকাতের কবলে পড়তে হবে ভাবতে পারিনি। ডাকাতরা আমার পরনের কাপড় ছাড়া কিছুই রাখেনি। তবে সকল কিছু নিয়ে গেলে আপত্তি ছিল না। আমার পাসপোর্ট ৩ টি ফেরত না পেলে কুয়েত যেতে সমস্যা হবে। আমার পরিবার এখন নিঃস্ব। আমাদের কান্নাকাটি শুনে টহলকারী পুলিশ ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করেছে। আমার পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধারের জন্য থানায় অভিযোগ দায়ের করেছি। যেনো তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করেন।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আবদুল বারী বলেন, ঘটনাস্থল থেকে একজন ডাকাতকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ৭ জনের নাম উল্লেখ মামলা গ্রহণ করা হয়েছে। আটককৃত একজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত দিন