নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ারকে রংপুরে বদলি করা হয়েছে। নানা অভিযোগে তাকে বদলি করা হয়। এর আগে কুমিল্লার দেবিদ্বার থানা থেকে সোনারগাঁও থানায় যোগ দেন। যোগদানের আড়াই মাসের মাথায় তার এ বদলির আদেশ দেয় পুলিশ সদর দপ্তর।
রোববার (২৬ জুলাই) অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। এ পুলিশ পরিদর্শক গত ৭ই মে মাসে সোনারগাঁও থানায় যোগ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওসি গোলাম সারোয়ার সোনারগাঁওয়ে যোগদানের পর তার বিরুদ্ধে স্থানীয় কয়েকজন রাজনীতিকের সঙ্গে যোগসাজশে মামলা দিয়ে হয়রানির অভিযোগ ওঠে। সম্প্রতি যুবলীগের এক নেতার এসএসসি পরীক্ষার্থী ছেলেকে বিস্ফোরক আইনের একটি মামলায় পুলিশ গ্রেপ্তার দেখালে তা নিয়েও সমালোচনা হয়। ওই পরীক্ষার্থীদের পরিবারের অভিযোগ ছিল, স্থানীয় বিএনপি নেতাদের চাঁদা না দেওয়ায় পুলিশের সঙ্গে ‘যোগসাজশ’ করে এ গ্রেপ্তারের ঘটনাটি ঘটেছে।
এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় এক প্রবাস ফেরত এক ব্যক্তির কাছ থেকেও অর্থ আদায়ের অভিযোগ ওঠে পুলিশ কর্মকর্তা গোলাম সারোয়ারের বিরুদ্ধে।
এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় আসামি না হলেও পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। মোটা অংকে রফাদফা শেষে ১৫৪ ধারায় আদালতে প্রেরণ করে। পরবর্তীতে জামিনে আসে গ্রেপ্তারকৃতরা। গত আড়াই মাসে কমপক্ষে ১৩ জনের সঙ্গে রফাদফা হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একট সূত্র নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। ওসি গোলাম সারোয়ার যোগদানের পর থেকে
ডাকাতি, ছিনতাই, মাদক, হত্যা ও ধর্ষণ বেড়ে যায়।
এদিকে ওসি গোলাম সারোয়ারের বদলির আদেশে ‘প্রশাসনিক’ কারণ দেখানোর কথা জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। তিনি বলেন, “হেডকোয়ার্টার থেকেই তার বদলির আদেশ এসেছে। বদলির সুনির্দিষ্ট কারণ আমাদের জানানো হয়নি। তবে আইজিপি স্যারের নির্দেশে পুলিশের একটি গোয়েন্দা দল থানাগুলোতে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের কর্মকাণ্ড মনিটর করছেন। সেই মনিটরিং কার্যক্রমে কোনো অসঙ্গতি পাওয়া গেছে কিনা সেটাও হেডকোয়ার্টার বলতে পারবেন।”
গোলাম সারোয়ার আগামী ১ লা আগস্ট পর্যন্ত এ থানায় দ্বায়িত্ব পালন করবেন। এ সময়ের মধ্যে তাকে রংপুর রেঞ্জ পুলিশে যোগদান করতে হবে। এ সময়ের মধ্যে সোনারগাঁও থানারও নতুন ওসি নিয়োগ করা হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী।
ওসি গোলাম সারোয়ার বলেন, অভিযোগের কোন সত্যতা নাই। তবে উর্ধবতন কর্তৃপক্ষ বদলির আদেশ দিয়েছেন। নির্দিষ্ট সময়ে তিনি রংপুর রেঞ্জে যোগদান করবেন।
আপনার মতামত দিন