নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক মৃত ব্যবসায়ীর
জানাজা ও দাফন কার্যক্রম সাময়িকভাবে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপির নেতার বিরুদ্ধে।
পাওনা টাকা আদায়ের দাবিতে স্থানীয় ওই বিএনপির নেতা সায়েম প্রধান এ জানাজা ও দাফন কার্যক্রম বাধা প্রদান করে। পরে মৃত ব্যবসায়ীর পরিবারের সদস্যরা পাওনা টাকা পরিশোধের আশ্বাস দিলে জানাজা অনুষ্ঠিত হয়।
মৃত ব্যক্তির নাম গোলজার হোসেন। তিনি উপজেলার সনমান্দী ইউনিয়নের গোপেরবাগ এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঈদুল আজহার দিন দুপুরে তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার সনমান্দি ইউনিয়নের মশুরাকান্দা ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সময় সনমান্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েম প্রধান গোলজার হোসেনের কাছে ১ লাখ ৩৬ হাজার টাকা পাওনা থাকার দাবি তুলে জানাজা ও দাফনের কার্যক্রমে আপত্তি জানান। এতে কিছু সময়ের জন্য জানাজা বিলম্বিত হয়।
প্রত্যক্ষদর্শী হযরত মিয়া বলেন, জানাজায় কয়েক শ’ মানুষ উপস্থিত ছিলেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
তবে মৃত ব্যক্তির ভাগিনা সাইফুল ইসলাম বলেন, বিষয়টির সমাধান হয়েছে। সায়েম প্রধান এ ঘটনায় উপস্থিত লোকজনের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
অভিযোগের বিষয়ে সায়েম প্রধান বলেন, গোলজার হোসেনের সঙ্গে তার ব্যবসায়িক লেনদেন ছিল এবং তার কাছে ১ লাখ ৩৬ হাজার টাকা পাওনা ছিল। বহুবার তাগাদা দিয়েও টাকা না পাওয়ায় বিষয়টির সমাধানের জন্য তিনি কথা বলতে গিয়েছিলেন। পরে পরিবারের সদস্যরা আগামী রোববারের মধ্যে টাকা পরিশোধের আশ্বাস দিলে বিষয়টির নিষ্পত্তি হয়।
সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশকে কেউ অবগত করেনি। জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতো।