সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ সদর উপজেলার গুলশান রোড এলাকায় তদারকি চালিয়ে মেয়াদোত্তীর্ণ উপকরণ দিয়ে কেক তৈরি ও খাদ্যপণ্য অনিরাপদভাবে সংরক্ষণের অভিযোগে ‘কুক ফর ইউ’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২৩ আগস্ট) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই জরিমানা করা হয়।
অভিযানকালে ‘কুক ফর ইউ’ নামের কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের তথ্য পাওয়া যায়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ ফুড কালার ব্যবহার করে কেক তৈরির প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে এমন একটি বেকারি কালার পেস্ট পাওয়া যায়, যার মেয়াদ প্রায় দুই বছর আগেই শেষ হয়েছে।
এ ছাড়া উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা কেক তৈরির উপকরণ ও আকর্ষণীয় কেক তৈরির প্রস্তুতির বিষয়ও তদারকির সময় উঠে আসে।
অভিযানে আরও দেখা যায়, প্রতিষ্ঠানের ফ্রিজে কেক তৈরির বিভিন্ন সামগ্রীর সঙ্গে মাংসও একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছে। খাদ্যপণ্য সংরক্ষণের ক্ষেত্রে এ ধরনের প্রক্রিয়াকে অনিরাপদ ও অনুপযুক্ত হিসেবে বিবেচনা করা হয়।
এসব অনিয়মের কারণে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রক্রিয়াকরণের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ব্যবস্থা নেওয়া হয়। এ ধারায় ‘কুক ফর ইউ’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
নারায়ণগঞ্জ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকিমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জনস্বার্থে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত দিন