শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা। এ উপলক্ষে ফাউন্ডেশন কর্তৃপক্ষ সকল প্রকার প্রস্তুতি শেষ করেছেন।
বৈশাখী মেলা ফাউন্ডেশনের সোনারতরী লোকজ মঞ্চে আজ মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে।
মেলার উদ্বোধন করবেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, সোনারগাঁও থানার ওসি মো. মহিববুল্লাহ, টুরিষ্ট পুলিশের নারায়নগঞ্জ জোনের পরিদর্শক এ কে এম মাহাবুবুল আলম, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।
মেলায় কারুশিল্পীদের হাতের তৈরি জামদানি, শতরঞ্জি, নকশি কাঁথা, মৃৎশিল্প,দারুশিল্প, হাতপাখা, কাঠ খোদাই শিল্প, পটচিত্র শিল্প, শোলা শিল্প, বাঁশ ও বেতশিল্প ও ক্ষুদ্র নৃ- গোষ্ঠির কারুশিল্পীদের সৃষ্টিশীল কর্মের উপস্থাপন ও বিপননের সুযোগ থাকছে। এছাড়াও মেলায় বাউল গান, লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুল নাচ, হালখাতা, বায়োস্কোপ,সাপের খেলা, নাগদোলাসহ গ্রামীণ বিনোদনের ব্যবস্থা থাকছে।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ পরিচালক মো. সাখাওয়াত হোসেন জানান, বৈশাখী মেলা সকল প্রকার প্রস্তুতি শেষ হয়েছে। বৈশাখি শোভা যাত্রার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। মেলায় কৈশোরের রোমাঞ্চকর মূহুর্তগুলোকে পুনরায় আলিঙ্গন করতে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা উপস্থাপন করা হবে। এবারের মেলায় ২৬টি ষ্টল বসবে। মেলা চলবে আগামী ২০ এপ্রিল। মেলায় আগত দর্শনার্থীদের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে ।
আপনার মতামত দিন